সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের (West Bengal Government Employee) জন্য বিরাট স্বস্তি ঘোষণা করল রাজ্যের অর্থ দফতর। নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে অবসরের দিনই সরকারি কর্মচারীরা তাদের স্বাস্থ্য প্রকল্পের নতুন সার্টিফিকেট হাতে পাবেন। যার ফলে অবসরের পর চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আর কোনও রকম জটিলতার মুখোমুখি হতে হবে না। আর এই সিদ্ধান্ত রাজ্যের জনপ্রিয় স্বাস্থ্য প্রকল্প পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় থাকা কর্মীদের জন্যই নেওয়া হয়েছে।
বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
আসলে এতদিন যাবৎ দেখা যেত, কর্মরত অবস্থায় যারা স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেতেন, অবসর নেওয়ার পর তাদের পেনশনভোগী হিসেবে নতুন করে নাম নথিভুক্ত করতে হতো। তাতে অনেকেই ঝামেলায় পড়ত। যার ফলে কর্মজীবন শেষ হওয়ার দিন আর এবং নতুন সার্টিফিকেট হাতে পাওয়ার দিনের মধ্যে একটি সময়ের ব্যবধানও তৈরি হতো। আর এই সময় যদি কোনও অবসরপ্রাপ্ত কর্মী কিংবা তার পরিবারের সদস্যের হঠাৎ করে চিকিৎসার প্রয়োজন পড়ত, তাহলে স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়ত। আর অনেক ক্ষেত্রেই তাদের নিজের খরচে চিকিৎসা করতে হতো। সেই সমস্যার কথা মাথায় রেখেই এবার বড়সড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থ দফতরের তরফ থেকে জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে কর্মচারীরা অবসরের দিনেই নতুন স্বাস্থ্য প্রকল্পের সার্টিফিকেট হাতে পাবেন। আর এই কাজ করার দায়িত্ব থাকবে পেনশন স্যাংশনিং অথরিটির উপর। কিন্তু হ্যাঁ, যদি কোনও কর্মী নিজে থেকে এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা নিতে না চান, তাহলে এই নিয়ম তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সরকারের মূল লক্ষ্য একটাই, অবসরের পরেও যাতে স্বাস্থ্য বীমা কভারেজের আওতায় কর্মচারীদের নিয়ে আসা যায়, তার সুবন্দোবস্ত করা।
আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া?
কীভাবে বাস্তবায়িত হবে এই নতুন নিয়ম?
বল রাখি, এই নতুন নির্দেশিকা কার্যকর করতে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমত, কর্মীর অবসরের অন্তত এক মাস আগে থেকেই নতুন এনরোলমেন্টের কাজ শুরু করতে বলা হয়েছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কাজ করবে। দ্বিতীয়ত, পেনশনে আবেদন করার সময় কর্মী স্বাস্থ্য প্রকল্পে থাকতে চান কিনা সেই অপশন নিজেই বেছে নিতে পারবেন। তার ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়া এগোবে, এবং তৃতীয়ত নতুন নিয়ম কার্যকর করার জন্য খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের পোর্টালে প্রয়োজনীয় আপডেট আনা হবে।