সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: ভোররাতে ঝোড়ো হাওয়া আর মাঝারি বৃষ্টিপাতের ধাক্কায় বদলে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)। গত কয়েকদিনের ভ্যাঁপসা গরম কাটিয়ে এবার স্বস্তিতে শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৃষ্টির এই ধারা এখনই থামছে না। বরং আজ শনিবার কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন কোন জেলা ভিজবে?
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে পাঁচটি জেলায় ঝোড়ো হওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর সেই জেলাগুলি হল হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও মুর্শিদাবাদ। এমনকি এই জেলাগুলোতে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা ও সংলগ্ন এলাকায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির দাপট বাড়বে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আর ঝোড়ো হওয়া বইতে পারে। শুক্রবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে।
আরও পড়ুন: খারাপ খবর! Zomato-তে খাওয়ার অর্ডার করতে হলে এবার থেকে গুনতে হবে বেশি টাকা
প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকেই অস্বস্তিকর গরম ছিল গোটা রাজ্যে। কিন্তু বিকেল গড়াতেই আকাশ মেঘলা হতে শুরু করে। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট দেওয়া যায়। এমনকি সন্ধ্যাবেলা বৃষ্টির দাপট অব্যাহত থাকে এবং কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির ঘটনাও ঘটে। ভোররাতে বৃষ্টিতে তাপমাত্রার পারদ বেশ কয়েক ধাপ নামে, যা সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দিয়েছে।