সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: রাজ্যে ক্রমবর্ধমান পথ দুর্ঘটনার আটকানোর জন্য নতুন পরিকল্পনার পথে রাজ্য সরকার (Government of West Bengal)। দুর্ঘটনাপ্রবণ এলাকায় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার জন্য এবার পথবন্ধু ভলেন্টিয়ার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে। প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন জাতীয় এবং রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এই ভলেন্টিয়ারদেরকে মোতায়েন করা হতে পারে। কিন্তু কী কাজ করবে তারা?
দুর্ঘটনা বাড়াচ্ছে উদ্বেগ
বেশ কিছু পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরে রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই বেড়েছে। কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, কলকাতায় ২০২৩ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৬৯ জনের। আর ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯১ জনে। পাশাপাশি ২০২৫ সালে আরও বেড়েছে। এমনকি দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা না পাওয়ার কারণে অনেক ক্ষেত্রে আহতদের প্রাণহানি ঘটেছে। আর সেই সমস্যায় রুখার জন্যই পথবন্ধু নিয়োগের পরিকল্পনা করছে রাজ্য। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের জাতীয় এবং রাজ্য সড়কের প্রায় এক হাজারেরও বেশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে এই ভলেন্টিয়ারদেরকে নিয়োগ করা হবে। আর প্রতিটি এলাকায় প্রাথমিকভাবে সাতজন পথবন্ধু থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: দুবাই থেকে ফিরেই বড় কথা বললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
কী কাজ করবেন তারা?
বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, পথবন্ধুদের প্রধান কাজ হবে দুর্ঘটনার সময় দ্রুত উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে সহায়তা করা। বিশেষ করে রাতের সময় দুর্ঘটনা ঘটলে যাতে আহতদেরকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ রাজ্যের। তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং আধুনিক ফার্স্ট এইড বক্সও থাকবে। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের রক্তপাত বন্ধ করা, প্রাথমিক ব্যান্ডেজ করা বা জরুরী পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা দেওয়ার মতো কাজও করবে তারা। বিশেষ করে তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। এখন দেখার, কবে রাজ্য সরকার এই উদ্যোগ বাস্তবায়িত করে।