বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক অস্থিরতা সহ একগুচ্ছ কারণে লাফিয়ে বেড়েছে হলুদ ধাতু সোনার (Gold) দাম। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিরতা সত্ত্বেও সোনা কিছুটা নিম্নমুখী হলেও আগামী দিনে দামের নিরিখে রেকর্ড করবে এই ধাতু, বিশ্বাস করেন বাজার বিশেষজ্ঞরা। ঠিক সেই মুহূর্তে, এক ভারতীয় ব্যক্তির (Joy Alukkas) হাতে রয়েছে 16 হাজার কেজি সোনা। হ্যাঁ, ভারতের অন্যতম ধনী জুয়েলার জয় আলুক্কাসের কাছে এই মুহূর্তে বিপুল পরিমাণ সোনা মজুদ রয়েছে। কিন্তু এই বিপুল পরিমাণ হলুদ ধাতু দিয়ে কী করেন তিনি?
200 বর্গফুটের ছোট্ট দোকান থেকে শুরু হয়েছিল যাত্রা
কমবেশি অনেকেই জানেন কেরলের ছেলে জয়ের ওঠাপড়ার কাহিনী। সে রাজ্যের ত্রিশূরের রাস্তায় মাত্র 200 বর্গফুট আয়তনের একটি ছোট্ট সোনার দোকান থেকে যাত্রা শুরু হয়েছিল ভারতের ধনীতম জুয়েলার আলুক্কাসের পথচলা। এখান থেকেই ধীরে ধীরে ভারতের বৃহত্তম সোনার গয়নার সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। এই মুহূর্তে তাঁর ব্র্যান্ড গোটা বিশ্বে পরিচিত। জয়ের জুয়েলারি ব্র্যান্ডের নাম জয় আল্লুকাস জুয়েলারি। গতকাল অর্থাৎ 5 মার্চ ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় জানিয়েছিলেন, আগামী দিনে সোনার দাম অনেকটাই বাড়বে। এর প্রধান কারণ ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক ঝুঁকি। শুধু তাই নয়, ওই সাক্ষাৎকারে ভারতীয় ব্যবসায়ী এও বলেছিলেন, তাঁর কাছে এই মুহূর্তে 16 হাজার কেজি সোনা রয়েছে। বাজার অস্থির হয়ে পড়লে সোনার দাম বাড়ে। তখনই তার এই হলুদ ধাতু নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। ভারতীয় ব্যবসায়ী এও মনে করেন, আগামী দিনে বিশ্বব্যাপী বিভিন্ন ইভেন্ট সোনার দাম প্রতিআউন্স সাড়ে পাঁচ হাজার থেকে 5 হাজার 600 আউন্সে তুলে দিতে পারে। না বললেই নয়, 1956 সালের অক্টোবর মাসে কেরলের ত্রিশূরে জন্ম হয়েছিল জয়ের। 15 ভাই বোনের মধ্যে 11 তম সন্তান তিনি। বাবা আলুক্কা জোসেফ ভার্গিস ছিলেন খুব সাধারণ একজন জুয়েলার। 1956 সাল নাগাদ তিনিই প্রথম ত্রিশূরে একটি সোনার দোকান খোলেন। প্রথম দিকে স্থানীয়রা এই দোকান থেকেই নিজেদের প্রয়োজনীয় গহনা কিনে নিয়ে যেতেন। ধীরে ধীরে ব্যবসা বড় হতে থাকলে একটা সময় ছেলে জয় লেখাপড়া ছেড়ে বাবার সাথে ব্যবসায় হাত লাগান। একটা সময় গিয়ে বাবার কাঁধ থেকে গোটা ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তোলেন জয়। এরপর আর কী। ধীরে ধীরে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে পা রাখে জয়ের সোনার ব্যবসা। 1987 সালে সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে নিজের প্রথম বিদেশি শোরুম খুলেছিলেন তিনি। শুরু শুরুতে ব্যবসায় কিছুটা সমস্যা হলেও পরবর্তীতে নিজের ব্র্যান্ড গড়ে তুলেছিলেন জয়। আজকের দিনে দাঁড়িয়ে জয়ের Joyalukkas বিশ্বের 12টি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দেশগুলিতে Joyalukkas এর অন্তত 190টি শোরুম রয়েছে বলেই খবর।
অবশ্যই পড়ুন:বসন্তের আবহে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট
জয় আল্লুকাসের মোট সম্পদের পরিমাণ
Joyalukkas গ্রুপের কর্ণধার জয় একেবারে নিজে হাতে কোটি কোটি টাকার সম্পদ এবং ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়ানেয়ার তালিকা অনুযায়ী চলতি বছর অর্থাৎ 2026 এর মার্চ মাসের হিসেবে জয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় 5.2 বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় কম করে 43 থেকে 45 হাজার কোটি টাকার মালিক এই ভারতীয় ব্যবসায়ী। গোটা বিশ্বের ধনীদের মধ্যে 820 তম স্থানে রয়েছেন তিনি। যদিও রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর জয়ের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে।