সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: আন্তর্জাতিক বাজারে টানাপোড়েনের জেরে দেশের বাজারে অনেকটাই পতন হল সোনা, রুপোর দাম (Gold And Silver Price)। বিনিয়োগকারীদের একাংশ ঝুঁকি কমাতে পোর্টফোলিও পুনর্গঠন করছে। আর তারই প্রভাব পড়ছে মূল্যবান এই দুই ধাতুর দামে। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক অনিশ্চয়তা যদি না থাকে এবং মার্কিন ডলারের দর যদি শক্তিশালী হয়, তাহলে আরও বেশি পতন হতে পারে। তাহলে ভবিষ্যতে সোনা, রুপোর দাম কোথায় গিয়ে দাঁড়াবে?

এমসিএক্স-এ বিরাট পতন

জানিয়ে রাখি, ২৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটের হিসাব অনুযায়ী মাল্টি কমডিটি এক্সচেঞ্জে সোনার এপ্রিল ফিউচারের দাম প্রায় ২০০০ টাকা কমে ১,৫৯,২০০ টাকায় দাঁড়িয়েছে। আর একই সময় রুপোর মার্চ ফিউচারের দাম ৯০০০ টাকা পতন হয়ে ২,৫৯,৫০০ টাকায় নেমেছে। এই ধারাবাহিক পতন বাজারে স্বল্পমেয়াদে যে চাপ সৃষ্টি করছে তা বলার অপেক্ষা রাখে না।

কেন কমছে দাম?

বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একাংশ নিরাপদ সম্পদ থেকে এবার সাময়িকভাবে সরে আসছে। ডলারের ওঠানামা, বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি, সব মিলিয়ে বাজারে তৈরি হচ্ছে অস্থিরতা। আর সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত একাধিক পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য কৌশল নিয়ে প্রভাব পড়ছে বিশ্ব বাজারে। কারণ, আমদানির উপর শুল্ক হার বৃদ্ধি পেলে বহু দেশেরই অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে। এদিকে বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং ডলারের দামের ওঠানামা সোনা এবং রুপোর দামে প্রভাব ফেলছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান আলোচনা বাজারকে সতর্ক অবস্থায় রেখেছে। আর অনিশ্চয়তার পরিবেশে অনেক সময় বিনিয়োগকারীরা সোনার দিকে পা বাড়ায়। কিন্তু বর্তমানে বাজার থেকে লাভ তুলে নেওয়ার প্রবণতা সবথেকে বেশি।
আরও পড়ুন: মেলে ৫০ হাজার টাকা স্টাইপেন্ড! আবেদন করেছেন কেন্দ্র সরকারের এই স্কলারশিপে?

ভবিষ্যতে কী হতে পারে?

বাজার বিশ্লেষকদের একাংশের মতে, সোনার দামের জন্য ১,৬২,০০০ থেকে ১,৬৪,০০০ টাকার স্তর সবথেকে গুরুত্বপূর্ণ। এই সীমার মধ্যে এলে আবারও বিক্রির উপর চাপ বাড়বে। আবার রুপোর ক্ষেত্রে ২,৭৪,০০০ টাকা থেকে ২,৮০,০০০ টাকার রেঞ্জকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদে অনেক বিনিয়োগকারী এখন সোনা এবং রুপো ধরে রাখার পক্ষে। তাই দেখার, সাময়িক পতন হলেও ভবিষ্যতে দাম পুনরুদ্ধার হয় কিনা।