বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে বিমানের সফরের আগে ফ্লাইটের টিকিটের ক্ষেত্রে এক্সট্রা চার্জ গুনতে হবে না যাত্রীদের (Flight Ticket Extra Charge Rules)। হ্যাঁ, বিমানের টিকিট ক্যানসেলেশন থেকে শুরু করে রিফান্ডের নিয়ম সহজ করছে ডিরেক্ট্ররেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। বৃহস্পতিবার DGCA এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে ফ্লাইটের টিকিট ক্যানসেল, রিফান্ড এমনকি টিকিট পরিবর্তনের নিয়মে কড়াকড়ি থাকছে না।
লাগবে না কোনও এক্সট্রা চার্জ?
রিপোর্ট অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে এবার থেকে ফ্লাইটের টিকিট ক্যানসেলের ক্ষেত্রে এক্সট্রা চার্জ করা হবে না। জানা গিয়েছে, যাত্রীরা ফ্লাইট বুকিং করার 48 ঘণ্টার মধ্যে যদি বিমানের টিকিট পরিবর্তন করেন কিংবা ফ্লাইট ক্যান্সেল করেন সেক্ষেত্রে তাদের অতিরিক্ত কোনও অর্থ গুনতে হবে না। একই সাথে DGCA খুব পরিষ্কারভাবে জানিয়েছে, যদি কোনও যাত্রী সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে অর্থাৎ ধরা যাক ইন্ডিগোর ওয়েবসাইট থেকে টিকিট বুক করে থাকেন সে ক্ষেত্রে টিকিট বুক করার 24 ঘণ্টার মধ্যে ওই টিকিটে যাত্রীর নাম সংশোধন করার সুযোগ থাকবে। নতুন নিয়ম অনুযায়ী, এয়ারলাইন্স সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যদি কেউ টিকিট বুকিং করার 24 ঘন্টা পূরণ হওয়ার আগে যাত্রীর টিকিটের নাম সংশোধন করে নেন সে ক্ষেত্রে তাঁকে কোনও রকম অতিরিক্ত চার্জ গুনতে হবে না। তবে এই নির্ধারিত সময় পার করলে অতিরিক্ত চার্জ করা হতে পারে।
অবশ্যই পড়ুন:আটার সাথে মিলবে চিনি, ছোলাও! রেশন নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের
রিফান্ড এর নিয়ম কী?
জানানো হয়েছে যদি কেউ ট্রাভেল এজেন্ট কিংবা অন্য কোনও বিশ্বস্ত ওয়েবসাইট থেকে বিমানের টিকিট কেটে থাকেন তবে এয়ারলাইন্সের দায়িত্ব থাকবে সেই টাকা রিফান্ড করার। এই রিফান্ড প্রক্রিয়া শেষ করার জন্য সময় বেঁধে দিয়েছে DGCA। বলা হয়েছে, যদি কেউ টিকিট ক্যানসেল করে থাকেন নির্দিষ্ট সময়ের মধ্যে, তবে তাঁকে 14 দিনের মধ্যে রিফান্ড দিতে হবে।