বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত কয়েক সপ্তাহ ধরে সংঘাতে লিপ্ত আফগানিস্তান এবং পাকিস্তান। সোমবার নতুন করে দুই দেশের সীমান্তে গুলির লড়াই চলে। পাকিস্তানের তরফে ছোড়া গুলিতে নিহত হন চারজন তালিবান সেনা। সেই ঘটনার পরপরই খবর আসে কাবুলের এক হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান। যে ঘটনায় মৃত্যু হয়েছে 400 জনের। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার রাতে কাবুলের 2000 বেডের ওই হাসপাতালে আকাশ পথে হামলা চালায় পাকবাহিনী। এবার সেই ঘটনার পর পাকিস্তানে পাল্টা হামলার হুঁশিয়ারি দিলেন KKR এ খেলা আফগান তারকা (Ex KKR Cricketer) আল্লাহ গজনফর।
পাকিস্তানে হামলার হুঁশিয়ারি প্রাক্তন KKR তারকার
রাতের অন্ধকারে অতর্কিত কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আফগান ক্রিকেটার গজনফর। শুধু তাই নয়, ইসলামাবাদের ওই হামলার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানও দাঁতভাঙা জবাব দিতে পারে সেটাও বুঝিয়েছেন তিনি। প্রাক্তন নাইট তারকা জানান, আফগানিস্তান যদি নিজের রূপ দেখায় তাহলে বিপদে পড়বে পাকিস্তান। একই সাথে, এদিন এমন ঘটনার পর ভারতের সাহায্য চেয়েছেন তিনি। স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খানের দলের প্রাক্তন সদস্য একেবারে খোলাখুলি বলেছেন, "রাতের অন্ধকারে কাবুলের হাসপাতালে হামলা চালানো হল। তাতে মৃত্যু হল অর্থের অভাবে চিকিৎসা করতে যাওয়া 400 জনের। পাকিস্তান বেছে বেছে আফগানিস্তানের সাধারণ মানুষকে নিশানা করছে। এর মধ্যে দিয়ে তারা কী প্রমাণ করতে চাইছে। আফগানিস্তান যদি বেঁকে বসে তাহলে কিন্তু সমস্যা। আফগানিস্তানের ইতিহাস সকলেই জানে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে হলে পাকিস্তান যথেষ্ট সমস্যায় পড়বে।"
অবশ্যই পড়ুন:প্রতি মাসে মিলবে ৩০০০ টাকা পেনশন, দারুণ স্কিম কেন্দ্র সরকারের
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলামে দল পাননি আফগান তারকা। তাতে অবশ্য ভারতীয় টুর্নামেন্টের প্রতি রাগ নেই গজনফরের। প্রতিবেশীর হামলার ঘটনায় এবার ভারতের সাহায্য দাবী করেছেন তিনি। আফগানিস্তানের তারকা ক্রিকেটার বলেন, "ভারত আমাদের কাছের বন্ধু। এই ঘটনায় তাদের সাহায্য চাইছি। আমি চাই তারাও এগিয়ে আসুক। এছাড়া অন্যান্য দেশ গুলির কাছেও এগিয়ে আসার অনুরোধ করব। এই ঘটনা সত্যিই মানবতার জন্য লজ্জার। এমন দুঃসাহসিক হামলার প্রতিবাদ করতেই হবে।"