সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দেশের কোটি কোটি চাকরিজীবীদের বিরাট স্বস্তির খবর দিল ইপিএফও। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য প্রভিডেন্ট ফান্ডে এবার ৮.২৫ শতাংশ সুদের হার ঘোষণা করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO Interest Rate Hike)। এমনকি টানা তিন বছর এই একই হারে সুদ পাবেন গ্রাহকরা এমনটাই জানানো হয়েছে। ফলে অবসরকালীন সঞ্চয়ের ক্ষেত্রে যে এটি হতে চলেছে বিরাট স্বস্তি তা বলার অপেক্ষা রাখে না।

বড় সিদ্ধান্ত ইপিএফও-র

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইপিএফও-র সর্বোচ্চ নীতি নির্ধারণ সংস্থা সিবিটি-র বৈঠকে। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ইটিএফ এবং অন্যান্য বিনিয়োগ থেকে ধারাবাহিক ভালো রিটার্ন পাওয়ার ফলে ৮ শতাংশের বেশি সুদের হার বজায় রাখা সম্ভব। আর ইপিএফও-র বিনিয়োগ পোর্টফোলিও যথেষ্ট শক্তিশালী। এমনকি স্থিতিশীল আয়ের সক্ষমতার জন্যই এই সিদ্ধান্ত। সরকারি ভাবে সুদের হারের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর গ্রাহকদের অ্যাকাউন্টে অতিরিক্ত অর্থ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এদিকে চাকরিজীবীদের স্বস্তি দেওয়ার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ইপিএফও অ্যাকাউন্টে জমে টাকা নিষ্পত্তির জন্য পাইলট প্রকল্পের অনুমোদন দিলে সিবিটি। সেক্ষেত্রে প্রথম পর্যায়ে পড়ছে মোট ১ লক্ষ ৩৩ হাজার নিষ্ক্রিয় অ্যাকাউন্ট, যেগুলিতে মোট ৫.৬৮ কোটি টাকা জমা রয়েছে। হ্যাঁ, এই অ্যাকাউন্টগুলোতে ১০০০ টাকা বা তার কম অবশিষ্ট রয়েছে। আর এই উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট সদস্যদের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা পাঠিয়ে দেওয়া হবে। এর জন্য নতুন করে কোনও রকম আবেদনেরও প্রয়োজন পড়বে না।
আরও পড়ুন: আগামী ৩ মাস বাতিল একাধিক ট্রেন, রুট সংক্ষিপ্ত ৩০টি দূরপাল্লার! দেখুন তালিকা
এদিকে বৈঠকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Code on Social Security, 2020 এর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আর নতুন যে তিনটি প্রকল্প চালু হচ্ছে সেগুলি হল Employees’ Provident Fund Scheme, 2026, Employees’ Pension Scheme, 2026 এবং Employees’ Deposit Linked Insurance (EDLI) Scheme, 2026। এই নতুন প্রকল্পগুলি বর্তমান কাঠামোর পরিবর্তে কার্যকর করা হবে। এক কথায় এতে পেনশমভোগীরা বিরাট সুরহা পাবে।