সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উপর দিনের পর দিন চাপ বাড়ছে (WB DA Case)। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ, আর অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের আবেদন, সব মিলিয়ে ক্রমশ জটিল হয়ে উঠছে পরিস্থিতি। আর ভোটের আগে এই ইস্যু রাজনৈতিকভাবেও বেশ নজর কেড়েছে। এমনকি এই প্রেক্ষাপটে আগামী ১৩ মার্চ দেওয়া হল ধর্মঘটের ডাক।

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ক্ষোভ

আসলে গত ফেব্রুয়ারি মাসে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকারকে ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে সরকারি কর্মচারীদের ডিএ’র অন্তত ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। আর বাকি অর্থ কিস্তির মাধ্যমে মেটানো যাবে। কিন্তু সরকারি কর্মচারী সংগঠনগুলি অভিযোগ করছে, আদালতের নির্দেশ সত্বেও কোনও রকম পদক্ষেপ নেয়নি সরকার। এতে দিনের পর দিন আরও ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। এমনকি সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা ডিএ সংক্রান্ত মামলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে মলয় মুখোপাধ্যায় নেতৃত্বাধীন কর্মচারী সংগঠনও ডিএ ইস্যুতে সরব হয়েছিল। আর এবার ভাস্কর ঘোষের সংগঠন সরাসরি আইনি পথে চাপ বাড়ালো। মামলা শুনানির দিনক্ষণ এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি বলেই খবর।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত! ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার আপডেট

১৩ মার্চ ধর্মঘট

এদিকে ডিএ ইস্যুসহ একগুচ্ছ দাবিতে আগামী ১৩ মার্চ শুক্রবার রাস্তায় নামার ডাক দিল সরকারি কর্মচারীদের একাংশ। ইতিমধ্যে বিভিন্ন জেলায় পোস্টার এবং ফ্লেক্স টাঙিয়ে ধর্মঘট সফল করার প্রস্তুতি শুরু হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের স্পষ্ট দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে বকেয়া ডিএ পরিশোধ করতে হবে এবং যোগ্য অস্থায়ী এবং অনিয়মিত কর্মীদের স্থায়ী করতে হবে। পাশাপাশি সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৬ লক্ষ শূন্যপদ স্বচ্ছ ও স্থায়ীভাবেই নিয়োগ করতে হবে।