সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: আশঙ্কাই সত্যি হল। পশ্চিম এশিয়ার চলা যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তেই তার আঁচ এসে পড়ল একেবারে দেশের জ্বালানি বাজারে। হ্যাঁ, প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়ার রেশ কাটতে না কাটতেই এবার এক ধাক্কায় লিটার প্রতি ২০ টাকার বেশি বাড়ল ডিজেলের দাম (Diesel Price Hike)। কিন্তু হ্যাঁ, সাধারণ গ্রাহকদের জন্য রয়েছে স্বস্তির খবর। নতুন রেট জানতে প্রতিবেদনটি পড়ুন।
দেশজুড়ে বাড়ল ডিজেলের দাম
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সূত্রে খবর, মূলত শিল্প ক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম সংশোধন করা হয়েছে। আগে প্রতি লিটারের দাম ছিল ৮৭.৬৭ টাকা। আর এবার দাম বাড়িয়ে করা হয়েছে ১০৯.৫১ টাকা। অর্থাৎ, লিটার প্রতি দাম বাড়ল প্রায় ২১.৯২ টাকা।
সাধারণ গ্রাহকদের উপর কতটা প্রভাব পড়বে?
তবে এক্ষেত্রে স্পষ্ট করে দেওয়া দরকার যে, এই বর্ধিত দাম সাধারণ পেট্রোল পাম্পে বিক্রি হওয়া ডিজেলের উপরে নয়। আসলে এই বিশেষ ডিজেল সরবরাহ করা হয় বড় শিল্প কারখানা, বা প্রোডাকশন ইউনিটগুলিতে, খনি অঞ্চল ও বড় বড় কনস্ট্রাকশন সাইটে, আবাসন বা হাসপাতালের বড় জেনারেটর এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। যদিও সাধারণ পাম্পের ডিজেলের দাম এখনো পর্যন্ত বাড়েনি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে, শিল্পক্ষেত্রে জ্বালানির এই আকাশছোঁয়া দাম পরোক্ষভাবে হয়তো সাধারণ মানুষের পকেটেই চাপ ফেলবে। কারণ, পণ্য উৎপাদন থেকে শুরু করে পরিবহন খরচ বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বাড়বে।
আরও পড়ুন: টোল প্লাজায় এই ভুল করলেই গুনতে হবে দ্বিগুণ জরিমানা! জারি নয়া নিয়ম
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে, সাধারণ পেট্রোল এবং ডিজেলের দাম স্থির থাকলেও সরকার এবং তেল বিপণন সংস্থাগুলি প্রিমিয়াম ক্যাটাগরির জ্বালানির দাম বাড়াচ্ছে। যেমন আজকেই প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ২ টাকা বেড়েছে। আর বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে তেল শোধনাগার সহ সংস্থাগুলি ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। আর সাধারণ মানুষের উপর সরাসরি চাপ না দিয়ে শিল্পক্ষেত্রের উপরেই আংশিক মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে সেই ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে তারা।