সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: নিত্য বিমানে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল দারুণ খুশির খবর। কারণ, বিমান যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের জবাব দিয়ে এবার বিরাট পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার (Flight Ticket New Rules)। এবার থেকে প্রতিটি ফ্লাইটেই অন্তত ৬০ শতাংশ আসন বিনামূল্যে বেছে নেওয়ার সুযোগ দিতে হবে যাত্রীদের। এমনই নির্দেশ দিল ডিজিসিএ (Directorate General of Civil Aviation)। আর এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল টিকিট কাটার পর সিট বাছাইয়ের নামে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রবণতা রুখা, এবং যাত্রীদের আরও ভালো মানের পরিষেবা দেওয়া।

৬০% ফ্রি আসন প্রত্যেকটি ফ্লাইটে

প্রসঙ্গত জানিয়ে রাখি, বেশ কিছুদিন ধরেই যাত্রীদের অভিযোগ ছিল যে, টিকিটের দাম দেওয়ার পরেও নির্দিষ্ট সিট বেছে নিতে গেলে আলাদা করে আবারো চার্জ দিতে হচ্ছে। আর এই চার্জ বন্ধ করার জন্যই উদ্যোগ নিল সিভিল এভিয়েশন অফ ইন্ডিয়া। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে প্রতিটি ফ্লাইটেই কমপক্ষে ৬০% আসন বিনামূল্যে নির্বাচনযোগ্য রাখতে হবে। অর্থাৎ সেগুলি যাত্রীরা বেছে নিতে পারবে। আর এর জন্য যাত্রীদের অতিরিক্ত কোনও রকম টাকা দেওয়া লাগবে না। যার ফলে সাধারণ যাত্রীদের খরচ অনেকটাই কমবে। এদিকে, এখন থেকে যদি একাধিক যাত্রী একই পিএনআর-এ টিকিট বুকিং করে, সেক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে পাশাপাশি বসানোর ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে পরিবার বা গ্রুপ ট্রাভেলে সমস্যার সমাধান হবে। এমনকি নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, ফ্লাইট যদি দেরিতে চলে বা বাতিল হয় কিংবা বোর্ডিংয়ে কোনও রকম বাধা পড়ে, তাহলে প্রতিটি ক্ষেত্রেই যাত্রীদের অধিকার নিশ্চিত করতে হবে। আর এই তথ্যগুলো এভিয়েশন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বুকিং প্ল্যাটফর্ম এবং এয়ারপোর্ট কাউন্টার সব জায়গায় স্পষ্টভাবেই দেখাতে হবে।
আরও পড়ুন: গোটা সপ্তাহজুড়ে বৃষ্টি দুই বঙ্গে, আজ ভিজবে কোন কোন জেলা? আজকের আবহাওয়া

বাদ্যযন্ত্র, পোষ্য নিয়ে নতুন নিয়ম

এদিকে যাত্রীদের আরও একটি সমস্যার দিকে নজর দিল এবার ডিজিসিএ। হ্যাঁ, এবার থেকে খেলার সরঞ্জাম বহনের নিয়ম আরও স্বচ্ছ করতে হবে আর বাদ্যযন্ত্র কিংবা পোষ্য প্রাণী বহনের ক্ষেত্রেও নতুন গাইডলাইন দিতে হবে বলে জানানো হয়েছে। এতে যাত্রীদের বিভ্রান্তি অনেকটাই দূর হবে। এমনকি ভারতের বিভিন্ন ভাষাভাষী যাত্রীদের কথা মাথায় রেখে যাত্রীদের অধিকার আর পরিষেবা তথ্যও আঞ্চলিক ভাষায় প্রকাশ করতে হবে বলে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। যার ফলে সাধারণ মানুষ আরও সহজে সেই নিয়মগুলি বুঝতে পারবে।