সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ পরিস্থিতিতে দেশে ইতিমধ্যেই আকাল পড়েছে গ্যাসের। আর জ্বালানি সংকটের মধ্যেই কলকাতায় হঠাৎ করে বাড়ল অটো গ্যাসের দাম (Auto Gas Price Hike)। সিএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে এবার অটোচালকদের খরচ বেড়েছে। আর তার প্রভাব পড়ছে ভাড়ার উপরেও। একাধিক রুটে ইতিমধ্যেই ভাড়া বাড়ানো হয়েছে, যার ফলে মধ্যবিত্তদের মধ্যে দেখা যাচ্ছে অসন্তোষ।
রাতারাতি বেড়ে গেল গ্যাসের দাম
আসলে বুধবার ভোর থেকে শহরের বিভিন্ন গ্যাসের পাম্পে অটোচালকদের দীর্ঘক্ষন ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেক চালকের অভিযোগ, আগাম কোনও রকম ঘোষণা ছাড়াই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। মঙ্গলবার রাত পর্যন্ত প্রতি ইউনিট গ্যাসের দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা। তবে একলাফে ৫ টাকা করে দাম বেড়েছে সিএনজির। যার ফলে নতুন দাম দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। পাম্প কর্তৃপক্ষের বক্তব্য, হঠাৎ করে একটি নির্দেশিকা আসার পরেই দাম বাড়ানো হয়েছে। তাই তাদের কিছু করার নেই। এদিকে গ্যাসের বাড়তি খরচ সামাল দেওয়ার জন্য শহরের একাধিক রুটে ইতিমধ্যে অটো ভাড়া বাড়ানো হয়েছে। যেমন চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে ভাড়া বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে ১৫ টাকা থেকে ভাড়া ১৮ টাকা করা হয়েছে। এছাড়াও গড়িয়া-বারুইপুর, সোনারপুর-গড়িয়া সহ বেশ কিছু রুটে ভাড়া বৃদ্ধি করা হয়েছে, যাতে নিত্যযাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে। অটোচালক সংগঠনের দাবি, গ্যাসের দাম যদি এইভাবে বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে প্রতিটি রুটেই ৫ থেকে ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হবে। নাহলে অটো পরিষেবা দেওয়াই কঠিন হবে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, উত্তরবঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া?
হোটেল-রেস্তোরাঁতেও সংকট
এদিকে শুধুমাত্র অটো পরিষেবা নয়, বরং গ্যাসের সংকটের প্রভাব পড়ছে দেশের বড় বড় শহরের হোটেল ও রেস্তোরাঁগুলিতেও। কলকাতার জনপ্রিয় খাবারের এলাকা ডেকার্স লেন থেকে শুরু করে পার্ক স্ট্রিটের বিখ্যাত খাবারের দোকান, সব জায়গাতেই এখন গ্যাসের হাহাকার। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতেও বাড়ছে উদ্বেগ। এসপ্ল্যানেড, চাঁদনি চক থেকে শুরু করে গড়িয়াহাট, শিয়ালদা, দমদম, বিভিন্ন জায়গায় দোকানদাররা অভিযোগ করছে, গ্যাস না পেলে দোকান খোলা কার্যত কঠিন হয়ে পড়বে।