বিক্রম ব্যানার্জী, কলকাতা: নির্বাচনের প্রাক্কালে ফের বড় চমক দিল রাজ্য সরকার (Civic Volunteers)। এবার বাড়ানো হল কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে নির্দিষ্ট বোনাসের উপর আরও 600 টাকা বেশি পাবেন রাজ্যের সিভিকরা। সরকারের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত বঙ্গ পুলিশের সঙ্গীরা।
এবার কত টাকা করে বোনাস পাবেন সিভিকরা?
নবান্নের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য এবং কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা এতদিন বোনাস হিসেবে 6,800 টাকা করে পেতেন। তবে এবার সেটা 600 টাকা বাড়িয়ে 7,400 টাকা করা হচ্ছে। অর্থাৎ এবার থেকে বোনাস হাতে পেলে ঠোঁটের কোণে হাসি ফুটবে রাজ্যের সিভিকদের। বলে রাখা ভাল, পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জের সিভিক ভলান্টিয়াররাও এই বর্ধিত বোনাস পাবেন। জানা যাচ্ছে, রাজ্যের সিভিকদের বোনাস বাড়ানোর কথা ঘোষণা করার পরেই রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের সিপিকে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে নবান্ন। কাজেই সরকারি সিদ্ধান্তে এবার সিভিকদের বোনাস কাঠামে বড় বদল আসতে চলেছে। যদিও সিভিকদের বোনাস বাড়ানো নিয়ে ভোটের আগে অন্য কারণ খুঁজে পাচ্ছেন বিরোধীরা।
অবশ্যই পড়ুন: LPG নাকি ইন্ডাকশন, কোনটা ব্যবহার করলে খরচ কমবে? দেখুন হিসাব
উল্লেখ্য, 2013 সালে প্রথমবারের মতো শহর কলকাতা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে ঘাটে পুলিশকে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক অর্থাৎ সিভিক নিয়োগ করেছিল রাজ্য সরকার। পরবর্তীতে ধাপে ধাপে সেই সংখ্যাটা বাড়তে থাকে। সূত্রের খবর, নির্বাচনের পর ক্ষমতায় এলে ফের রাজ্যে সিভিকের সংখ্যা বাড়াবে তৃণমূল সরকার।