সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: মার্চের শুরু মানেই শীতের বিদায় আর গরমের আগমনের সন্ধিক্ষণ। তবে চলতি বছর সেই পরিবর্তন যেন খানিকটা অস্থির। কারণ, ভোরবেলা হালকা শীতের আমেজ থাকলেও দুপুরবেলা পড়ছে ভ্যাঁপসা গরম (Weather Update)। আর তাপমাত্রার ওঠানামার কারণে জ্বর, সর্দি-কাশির প্রকোপও বাড়ছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েক দিন রাজ্যের উত্তর এবং দক্ষিণ দুই অংশেই ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাবে। কোথাও বৃষ্টিপাত আবার কোথাও ভ্যাঁপসা গরমের আমেজ।
দক্ষিণবঙ্গে চড়বে পারদ
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়বে। যার ফলে মার্চ মাসের শুরুতে অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে। এমনকি দোল উৎসবের দিন দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকবে না বললে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আর দুপুরের দিকে রোদের তেজ যথেষ্ট বাড়তে পারে। এদিকে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ পৌঁছেছিল ৩০ ডিগ্রির ঘরে। রবিবার ভোরবেলা সেই তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ২৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায়ও ২.৭ ডিগ্রি বেশি। এদিকে আবহাওয়া দফতরের অনুমান, মার্চ মাসের প্রথম সপ্তাহে শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে। অর্থাৎ, বসন্তের শুরুতেই গরমের ইঙ্গিত স্পষ্ট।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে আরও বেশ কয়েকদিন শীতের আমেজ থাকবে। বিশেষ করে পার্বত্য এলাকাগুলিতে রবিবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিংয়ের তুষারপাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর ভোরবেলা থেকে কুয়াশার দাপট থাকতে পারে। কিন্তু এই বৃষ্টিপাত সর্বত্র হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আর কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।
আরও পড়ুন: প্রকাশ্যে চূড়ান্ত ভোটার তালিকা, কোন জেলা থেকে কত নাম বাদ পড়ল? দেখুন হিসাব
উল্লেখ্য, ঋতু পরিবর্তনের সময় বায়ু প্রবাহের পরিবর্তন আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার এরকম ওঠানামা, যেটা স্বাভাবিক ঘটনা। কিন্তু দ্রুত তাপমাত্রা বাড়ার ফলে শরীরে খাপ খাইয়ে নিতে সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।