বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার খোদ কলকাতার সুবিশাল স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক (Bomb Threat At Victoria Memorial)। জানা যাচ্ছে, ইমেল মারফত কর্তৃপক্ষকে হুমকি দিয়ে বলা হয়, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ভিক্টোরিয়া। এমন হুমকি মিশ্রিত ইমেল পেতেই তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। গোটা বিষয়টি জানানো হয় হেস্টিংস থানাকে। আর তারপর থেকেই বিরাট পুলিশ বাহিনী সাদা মার্বেলের এই স্মৃতিসৌধটিকে ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের বোম স্কোয়াড এবং ডগ স্কোয়াড।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমা মারার হুমকি দিল কারা?
কলকাতা শহরের অন্যতম প্রাণকেন্দ্র তথা পর্যটনকেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়াল। শুধুমাত্র বাংলা নয় বরং গোটা দেশ এমনকি বিদেশ থেকেও বহু মানুষ প্রতিবছর ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে কলকাতায় ছুটে আসেন। এবার সেই স্থাপত্যটিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। যে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভিক্টোরিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। তবে ঠিক কে বা কারা ইমেল মারফত ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমা মারার হুমকি দিল তা জানা যায়নি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে হেস্টিংস থানা। বলাই বাহুল্য, শহর কলকাতায় পর্যটকদের অন্যতম পছন্দের স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি যখন এলো, শুক্রবার ঠিক সেই সময় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলতেই হয়, মুখ্যমন্ত্রীর ধরনা স্থল ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে।
অবশ্যই পড়ুন:ইরান যুদ্ধের মধ্যেও ভারতে বাড়বে না তেল-গ্যাসের দাম! জানাল সরকার?
উল্লেখ্য, সাম্প্রতিককালে দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে টার্গেট করে বোমা মারার হুমকি দিয়েছেন দুর্বৃত্তরা। এইতো কিছুদিন আগেই দেশের মুখ্য পোস্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্রগুলিতে আরডিএক্স হামলার হুমকি দিয়ে মেল পাঠানো হয়েছিল। যার জেরে এমনিতেই বেড়েছে আতঙ্ক। এর আগে দিল্লির লাল কেল্লাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল।