বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে আবেদন প্রক্রিয়া। আর তারপরই কবে টাকা ঢুকবে সেই অপেক্ষাতেই হাপিত্যেশ করে বসেছিলেন ভূমিহীন খেতমজুর প্রকল্পের (Bhumihin Khetmajur) আবেদনকারীরা। সরকারের তরফে অবশ্য প্রাথমিকভাবে জানিয়ে দেওয়া হয়েছিল আগামী পহেলা এপ্রিল থেকেই দেওয়া হবে এই বিশেষ প্রকল্পের টাকা। তবে আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস হওয়ার কারণে বিশেষ দিনের উপহার হিসেবে আজই ঢুকবে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকা। তেমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ থেকেই অ্যাকাউন্টে মিলবে খেতমজুর প্রকল্পের অর্থ

সরকারি নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং যাঁরা রাজ্য সরকারের লক্ষী ভান্ডার বা কৃষক বন্ধুর মতো প্রকল্প থেকে টাকা পান না এমনকি যাঁদের নামে এক ছটাক জমিও নেই তাঁরাই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য যোগ্য। সরকারের তরফে এমন ঘোষণা আসার পরই গত ফেব্রুয়ারিতে রাজ্যের বিভিন্ন স্বনির্ভর বাংলা ক্যাম্পের সামনে পড়েছিল আবেদনকারীদের লম্বা লাইন। বলে রাখা ভাল, যুবসাথী প্রকল্পে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করা গেলেও ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে শুধুমাত্র অফলাইন পদ্ধতিতেই আবেদন করতে পেরেছিলেন আবেদনকারী। গত 26 ফেব্রুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারীদের মনে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছিল তা হল কবে থেকে মিলবে ভূমিহীন ক্ষেতমজুরের টাকা! এবার তা নিয়েই আবেদনকারীদের স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার মেট্রো চ্যানেলে ধরনার দ্বিতীয় দিন ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, অন্তর্বর্তী বাজেটে একাধিক প্রকল্প চালু করা হয়েছিল। সেগুলির মধ্যে সবচেয়ে বড় দুই প্রকল্প যুবসাথী এবং ভূমিহীন ক্ষেতমজুর। প্রথমে ঠিক করা হয়েছিল এই প্রকল্পের টাকা আগামী পহেলা এপ্রিল থেকেই দেওয়া হবে। তবে আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। তাই উপহার হিসেবে আজ অর্থাৎ শনিবার থেকেই টাকা দেওয়া শুরু হবে।
অবশ্যই পড়ুন:মাত্র ৬০ টাকায় ঘুরে আসুন পাহাড়ে! পর্যটকদের পকেট বাঁচাচ্ছে এই বিশেষ বাস
প্রসঙ্গত, কৃষক বন্ধু প্রকল্পের আদলে রাজ্য সরকারের তরফে যে নতুন ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প চালু করা হয়েছে তাতে বছরে 4000 টাকা করে পাবেন সুবিধাভোগীরা। যদিও এই অর্থ দুই ভাগে অর্থাৎ দুই কিস্তিতে দেওয়া হবে। সেক্ষেত্রে প্রথম কিস্তি বাবদ আজ 2000 টাকা ঢুকবে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে।