বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের ভূমিহীন ক্ষেতমজুরদের (Bhumihin Khetmajur Scheme) জন্য বিশেষ প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারের তরফে বিশেষ প্রকল্প চালু করার সাথে সাথে বছরে দুই কিস্তিতে এই প্রকল্পের আওতায় 4000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে। আর তারপরই বিশেষ প্রকল্পটিতে আবেদনের জন্য একেবারে হিড়িক পড়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন সরকারি ক্যাম্পে ছুটছেন ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদনের জন্য। তবে সরকার বলছে, সবাই এই প্রকল্প থেকে আর্থিক সাহায্য পাবেন না। এর জন্য রয়েছে বিশেষ কিছু শর্ত। কী সেগুলি?

ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা দেওয়ার আগে বিশেষ শর্ত বেঁধে দিল রাজ্য সরকার

বিধানসভা নির্বাচনের আগে ভূমিহীন খেতমজুর প্রকল্প চালু করার সাথে সাথে সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অনলাইন নয় বরং শুধুমাত্র অফলাইন অর্থাৎ স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়েই এই প্রকল্পে আবেদন করতে পারবেন যোগ্য ব্যক্তিরা। কিন্তু কারা এই প্রকল্পের জন্য যোগ্য? রাজ্য সরকারের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী, ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প থেকে অর্থ সাহায্য পেতে হলে আবেদনকারীর নামে এক ছটাক জমিও থাকা চলবে না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যিনি আবেদন করছেন সেই আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এখানেই শেষ নয়, ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের সুবিধা পেতে হলে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকা চলবে না।। একই সাথে রাজ্য সরকারের খাতায় বর্গচাষী হিসেবে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকলে তিনি এই প্রকল্প থেকে কোনও অর্থ পাবেন না এবং এই প্রকল্পে আবেদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্ত তা হল, যাঁরা অন্যের জমির উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করেন অর্থাৎ ভূমিহীন ক্ষেতমজুর বা ভূমিহীন ক্ষেত শ্রমিকরা এই প্রকল্পের জন্য যোগ্য। তাঁরাই প্রকল্পটিতে আবেদনের পর সরকারের তরফে আর্থিক সাহায্য পাবেন।
অবশ্যই পড়ুন:এই ভুল করেছেন নাকি? মিলবে না যুব সাথীর ১৫০০, এখনই দেখুন
উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে ভূমিহীন খেতমজুর প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু করার ঘোষণা পাওয়া মাত্রই এমন অনেকেই এই প্রকল্পে আবেদন করে বসছেন যাঁদের নামে নিজস্ব জমি এবং বাড়ি দুই রয়েছে। একই সাথে বাংলার বিভিন্ন ক্যাম্প থেকে অভিযোগ উঠছে, বহু চাকুরীজীবী এমনকি ব্যবসায়ীরাও এই প্রকল্পের জন্য ফর্ম ফিলাপ করছেন। এ প্রসঙ্গে সরকারি আধিকারিকদের একাংশের বক্তব্য, যাঁরা আদতেই এই প্রকল্পের সমস্ত শর্তের সাথে মানানসই নন, তাঁদের আবেদন বাতিল হবে।