বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতকাল অর্থাৎ শনিবার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পহেলা এপ্রিল নয় বরং শনিবার থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যুবসাথী প্রকল্পের (Banglar Yuva Sathi) টাকা। সেই মতোই, বেকার ভাতার অপেক্ষায় প্রহর গুনছিলেন আবেদনকারীরা। অনেকেরই অভিযোগ, 7 মার্চ মুখ্যমন্ত্রীর কথামতো অ্যাকাউন্টে আসেনি টাকা। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছিল শনিবার থেকেই। যেখানে দেখা যাচ্ছিল, 1500 টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্কে। তবে সেইসব খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও 8 মার্চ অর্থাৎ আজ যুবসাথীর টাকা পেতে শুরু করেছেন বহু আবেদনকারী।
যুবসাথীর টাকা দেওয়া শুরু হল
শনিবার মুখ্যমন্ত্রীর ঘোষনার পর তৎক্ষণাৎ অ্যাকাউন্টে মাসিক ভাতা না এলেও রবিবার থেকেই বহু আবেদনকারী নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের 1500 টাকা পেতে শুরু করেছেন। কয়েকটি গ্রামীণ ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানা যাচ্ছে, রবিবার দুপুর থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে বেকার ভাতার টাকা ঢুকতে শুরু করেছে। এদিকে, বহু আবেদনকারীর অভিযোগ, তাঁদের অ্যাকাউন্টে টাকা তো দূর বরং সরকারের তরফে কোনও মেসেজ আসেনি। বলাই বাহুল্য, পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য আর্থিক প্রকল্প থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলির ক্ষেত্রে সাধারণত প্রথম ধাপে ব্যাঙ্কে টাকা ঢোকার আগে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে টাকা ডিস্ট্রিবিউশনের একটি মেসেজ আসে। যুবসাথী প্রকল্পের ক্ষেত্রেও সেই মেসেজ পাচ্ছেন আবেদনকারীরা। তারপরই অ্যাকাউন্টে ঢুকছে নির্দিষ্ট অর্থ।
অবশ্যই পড়ুন:দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলছে সিকিমের জনপ্রিয় টুরিস্ট স্পট, যাওয়ার আগে দেখুন
যারা এখনও টাকা পাননি তাঁদের কী করণীয়?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোট ঘোষণা হওয়ার আগেই তড়িঘড়ি আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর। বেশ কয়েকজন সরকারি আধিকারিকের দাবি, যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। যেহেতু ভোট ঘোষণা হয়ে গেলে যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া যাবে না, তাই সরকার যত দ্রুত সম্ভব মার্চের 15 তারিখের মধ্যে সকল আবেদনকারীকে তাঁদের প্রাপ্য অর্থ মিটিয়ে দেবে। তাই অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় বিকল্প নেই। সর্বশেষ তথ্য অনুযায়ী, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলার আবেদনকারীদের অ্যাকাউন্টের উদ্দেশ্যে ছাড়া হয়েছে যুবসাথী প্রকল্পের অর্থ।