বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে বেকার ভাতা (Banglar Yuva Sathi) চালু করে বড় চমক দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে শেষ হয় এই বিশেষ প্রকল্পের আবেদন প্রক্রিয়া। আর তারপরই ধাপে ধাপে ঢুকতে শুরু করে যুবসাথীর টাকা। ইতিমধ্যেই রাজ্যের বেশিরভাগ আবেদনকারীই এই প্রকল্প থেকে মাসিক ভাতা পেয়ে গিয়েছেন। তবে তাঁদের প্রশ্ন এই প্রকল্প ঠিক কতদিন চলবে? নির্বাচনী ফল প্রকাশের পরই বন্ধ হয়ে যাবে না তো এই প্রকল্প?
মে মাসের পরই বন্ধ হয়ে যাবে যুবসাথী?
পশ্চিমবঙ্গ সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, এই প্রকল্প থেকে একজন আবেদনকারী সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন। অর্থাৎ একটানা 5 বছর যদি কেউ বেকার থাকেন তবে তাঁকে এই প্রকল্প থেকে মাসিক 1500 টাকা করে অর্থাৎ 5 বছরের মেয়াদ 90 হাজার টাকা দেওয়া হবে। যেহেতু এই প্রকল্পটি বিধানসভা নির্বাচনের একেবারে আগেই ঘোষণা করা হয়েছে ফলে অনেকের মনেই সংশয় আছে ভোট পর্ব মিটে গেলেই কি বন্ধ হয়ে যাবে এই প্রকল্প? এ প্রসঙ্গে বলে রাখি, তৃণমূল সরকারের তরফে চালু করা নয়া প্রকল্পটি তখনই চালু থাকবে যখন ফের ক্ষমতায় আসবে বর্তমান শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এবারের নির্বাচনে যদি তৃণমূল জয়ী হয় এবং পুনরায় সরকার গঠন করে সেক্ষেত্রে এই প্রকল্প আজীবন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই নিজেদের দলীয় ইস্তেহারে বেকার ভাতা প্রকল্পের কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে যদি বাংলায় পালাবদল ঘটে অর্থাৎ অন্য কোনও দল ক্ষমতায় আসে এবং সরকার গঠন করে সেক্ষেত্রে তারা এই প্রকল্প চালিয়ে নিয়ে যাবে কিনা সেই উত্তর আপাতত অধরা। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে, বাংলায় পদ্ম ফুল ফুটলে তাঁরা রাজ্যের কোনও প্রকল্পই বন্ধ করবে না।
আরও পড়ুন: LPG সঙ্কটে ট্রেনে আর মিলবে না কোনও খাবার? বড় নির্দেশ IRCTC র
প্রসঙ্গত, যুবসাথী প্রকল্প থেকে সর্বোচ্চ 5 বছর টাকা দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে অনেকেই মনে করছেন যদি কোনও ব্যক্তি এই নির্দিষ্ট সময়ের পরেও বেকার থাকেন সে ক্ষেত্রে এই প্রকল্পে অর্থ সাহায্যের মেয়াদ 5 বছর থেকে আরও বাড়ানো হতে পারে।