বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় মাস্টার স্ট্রোক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের শিক্ষিত বেকারদের অর্থসংস্থানের লক্ষ্যে চালু করা হয়েছে যুবসাথী প্রকল্প (Banglar Yuva Sathi)। গত 15 ফেব্রুয়ারির পর থেকে চালু হওয়া এই প্রকল্পে আবেদনের আজ শেষ তারিখ। বিগত 9 দিনে অনলাইন এবং অফলাইন মিলিয়ে প্রায় 77 লক্ষ আবেদন জমা পড়েছে। সংখ্যাটা যে চোখে পড়ার মতো তা বলাই যায়। তবে বেশ কয়েকটি সূত্র বলছে, যুবসাথী প্রকল্পে আবেদনের সময়সীমা আরও কিছুটা বাড়াতে পারে সরকার।

বাড়ছে যুবসাথী প্রকল্পে আবেদনের সময়সীমা?

অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে ইতিমধ্যেই নিজেদের আবেদন প্রক্রিয়া শেষ করেছেন রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীরা। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়ে আবেদনের সংখ্যাটাই সবচেয়ে বেশি। সরকারি সূত্র মারফত খবর, বুধবার পর্যন্ত যুবসাথী প্রকল্পে আবেদন জমা পড়েছে মোট 76 লাখ 77 হাজার। জেলা হিসেবে এই বিশেষ প্রকল্পে আবেদনের নিরিখে এগিয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনা। এই জেলা থেকেই সবচেয়ে বেশি আবেদনকারী এই প্রকল্পে আবেদন করেছেন। এরপরই তালিকায় রয়েছে মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনার নাম। এরপর একে একে বাঁকুড়া, পুরুলিয়া সহ রাজ্যের অন্যান্য জেলাগুলি থেকে আবেদন এসেছে এই প্রকল্পে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, স্বনির্ভর বাংলা ক্যাম্পেই যুবসাথী প্রকল্পের পাশাপাশি লক্ষীর ভান্ডার এবং ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পেও রেকর্ড পরিমাণ আবেদন জমা পড়েছে।
অবশ্যই পড়ুন: ‘ভারত সবসময় ইজরায়েলের পাশে থাকবে!’ বিদেশের মাটিতে বড় বার্তা মোদীর
তবে আজ অর্থাৎ 26 ফেব্রুয়ারি বেকার ভাতা প্রকল্পে আবেদনের শেষ তারিখ। খাতায় কলমে আজ শেষ তারিখ হলেও নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পে আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে। সরকারি আধিকারিকদের একাংশের দাবি, রাজ্যের প্রত্যেক বেকার যুবক-যুবতী যাঁদের বয়স 21 থেকে 41, তাঁরা প্রত্যেকেই যাতে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন সেজন্য যুবসাথী প্রকল্পে আবেদনের সময়সীমা কিছুটা বাড়তে পারে।