সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: ভোটের আগেই বড় চমক তৃণমূলের। বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধরনা মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, যুবসাথী প্রকল্পের (Banglar Yuva Sathi) টাকা আজ থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। অর্থাৎ, ১ এপ্রিল অবধি আর অপেক্ষা করা লাগবে না। ফলে বহু বেকার যুবক-যুবতীদের মুখে যে স্বস্তির হাসি ফুটেছে তা বলার অপেক্ষা রাখে না। বলে রাখি, রাজ্যের বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করা হলেও আগে জানানো হয়েছিল যে, এপ্রিল মাস থেকে সুবিধা দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী জানালেন, নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ শনিবার থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। আর এই প্রকল্পের আওতায় আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবে। জানা যাচ্ছে, প্রাথমিক পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সহায়তার পরিকল্পনা রয়েছে। তবে যদি তারপরও কেউ কর্মসংস্থান না পায়, সেক্ষেত্রে আবারো রিনিউ করার সুযোগ থাকবে।
করা পাবে এই প্রকল্পের সুবিধা?
জেনে রাখা ভালো, যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কয়েকটি নির্দিষ্ট শর্ত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে বেকার হতে হবে, অর্থাৎ কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না। আর রাজ্য সরকারের অন্য কোনও আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা নিলে এই প্রকল্পের টাকা মিলবে না। তবে অবশ্যই আবেদনকারীকে মাধ্যমিক পাস করতে হবে। এই সমস্ত শর্তগুলি পূরণ করলেই যুবসাথী প্রকল্পের আওতায় প্রতিমাসে ভাতা পাওয়ার সুযোগ মিলবে।
আরও পড়ুন: মাত্র ৬০ টাকায় ঘুরে আসুন পাহাড়ে! পর্যটকদের পকেট বাঁচাচ্ছে এই বিশেষ বাস
এদিকে ধর্মতলা মেট্রো চ্যানেলে বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা। আর সেই মঞ্চ থেকেই তিনি এই ঘোষণা করেছেন। এমনকি রাজনৈতিক মহলের মতে, আগামী বিধানসভা নির্বাচনের আগে বেকার যুব সমাজকে আর্থিক সহায়তা দেওয়ার জন্যই তিনি এই ঘোষণা করলেন। পাশাপাশি এদিন তিনি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও সরব হয়েছেন। গতকাল ৬০ টাকা করে বাড়ানো হয়েছে গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম। ফলে এখন কিনতে হচ্ছে ৯৩৯ টাকায়। আর এ নিয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধেই সমালোচনা করেছেন।