সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসে দেখলেন ডেবিট কার্ড আনেননি! এই পরিস্থিতিতে কী করবেন? অনেকেই অস্বস্তিতে পড়ে আবার হয়তো বাড়িতে ফিরে যাবেন। তবে এখন প্রযুক্তির অগ্রগতিতে সেই চিন্তার দিন শেষ। কারণ, আধার নম্বর বা ইউপিআই পরিষেবার সাহায্যে আপনি কার্ড ছাড়াই নগদ টাকা তুলতে পারবেন এটিএম থেকে (ATM Cash Withdrawal)। হ্যাঁ, ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা গ্রাহকদের স্বস্তি দেওয়ার জন্য এবার নতুন বিকল্প সামনে আনল। কিন্তু কীভাবে তুলবেন টাকা? জানুন এই প্রতিবেদনে।

আধার কার্ড দিয়ে তোলা যাবে টাকা

যদি আপনার কাছে কার্ড না থাকে, তাহলে আপনার আধার নম্বর থাকলেই অনেক ক্ষেত্রে সমাধান মিলছে। এর জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পরিচালিত আধার ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা অর্থাৎ আধার এনেবেল্ড পেমেন্ট সিস্টেম (AePS) কাজে আসবে। সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী কোনও ব্যাঙ্কিং করসপন্ডেন্ট বা মাইক্রো এটিএম অপারেটরের কাছে যেতে হবে। তারপর আধার নম্বর এবং ব্যাঙ্ক নির্বাচন করতে হবে। এরপর আঙুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করতে হবে। এটুকু হলেই আপনার ব্যাঙ্ক থেকে টাকা ডেবিট হবে। আর এই প্রক্রিয়ার জন্য কোনও রকম ডেবিট কার্ডের প্রয়োজন পড়বে না। সম্পূর্ণ বায়োমেট্রিক নির্ভর হওয়ার কারণে জালিয়াতির ঝুঁকিও কম। আর গ্রামীণ বা শহর এলাকার ক্ষেত্রে যেখানে ব্যাঙ্কের সংখ্যা কম সেখানে এই পরিষেবা বিশেষভাবে কার্যকর।
আরও পড়ুন: একবার চার্জ দিলেই নিশ্চিন্ত! ফোনের থেকে কম দামে দারুণ স্কুটার Hero-র

ইউপিআই দিয়ে তোলা যাবে এটিএম-র টাকা

এবার যদি আপনার কাছে কার্ড না থাকে তখন নগদ টাকা তোলার আরও একটি জনপ্রিয় উপায় হল ইউপিআই ভিত্তিক এটিএম পরিষেবা। হ্যাঁ, বর্তমানে দেশের বহু এটিএমে কিউআর কোড স্ক্যানিং এর সুবিধা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনার স্মার্টফোনে যদি গুগল পে, ফোন পে বা পেটিএম-র মতো কোনও ইউপিআই অ্যাপ থাকে, তাহলে খুব সহজেই টাকা তুলতে পারবেন। এর জন্য আপনাকে শুধু নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—
  • প্রথমে এটিএম স্ক্রিনে কিউআর কোডের মাধ্যমে নগদ উত্তোলন অপশনটিকে বেছে নিতে হবে।
  • তারপর আপনি কত টাকা তুলবেন তা ইনপুট করতে হবে।
  • এরপর স্ক্রিনে প্রদর্শিত কিউআর কোডটি আপনার ইউপিআই অ্যাপ দিয়ে স্ক্যান করতে হবে।
  • এরপর ইউপিআই পিন প্রবেশ করাতে হবে।
  • এটুকু করলেই আপনার এটিএম থেকে নগদ টাকা বেরিয়ে আসবে। এই পদ্ধতিতে ফিজিক্যাল ডেবিট কার্ড বহনের কোনও ঝামেলা থাকবে না আর কার্ড হারানোর আশঙ্কাও কমে।