সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: সংগীতের জগতে তিনি যেন ধ্রুবতারা! কোটি কোটি শ্রোতার প্লে লিস্ট তাঁর গানেই ভরা। আর সেই অরিজিৎ সিং (Arijit Singh) চলতি জানুয়ারি মাসে আচমকাই ঘোষণা করেছিলেন যে তিনি আর কোনও রকম প্লেব্যাক গান করবেন না। খবরটি প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীদের মধ্যে শুরু হয় চরম উৎকণ্ঠা এবং নেমে আসে হতাশার ছায়া। তবে একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছিলেন যে, গান ছাড়ছেন না। বরং নতুন ভাবে নিজের মতো করেই তিনি সংগীত চর্চা চালিয়ে যাবেন। অবশেষে সেই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটল। প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবার তাঁর নতুন স্বাধীন গান ‘রায়না’ প্রকাশ্যে এল।
রোমান্টিক আবহে এবার অরিজিৎ এর নতুন জাদু
জানিয়ে দিই, রায়না গানে সুর দিয়েছেন শেখর রাভজিয়ানি এবং গানের কথা লিখেছেন প্রিয়া সারাইয়া। আদ্যোপান্ত রোমান্টিক এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল সাড়া পড়েছে। আর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই গানটি ভাইরাল হয়। নেটিজেনদের মন্তব্যে ভরে উঠছে সোশ্যাল মিডিয়া। কেউ কেউ লিখছে, স্বাধীন অরিজিৎ সিংকে আবারও নতুন করে স্বাগত। আবার কেউ কেউ বলছেন, নিজের মতো করে এই গান গাইলে অরিজিৎ এর জাদু আলাদা মাত্রা পায়। আর অনেকেই আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন যে, গান শুনেই যেন চোখে জল এসে গিয়েছে!
আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকায় নাম দেখবেন কীভাবে? জেনে নিন ঝটপট
প্রসঙ্গত, প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও অরিজিৎ আগেই জানিয়ে দিয়েছিলেন যে, তিনি প্রতিশ্রুতবদ্ধ ভাবেই বাকি কাজ করছেন, আর সেগুলো তিনি সম্পূর্ণ করবেন। আর সেই তালিকায় রয়েছে প্রযোজক আমির খানের তত্ত্বাবধানে তৈরি হতে চলা ছবি ‘এক দিন’। এমনকি ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছে জুনায়েদ খান এবং সাই পল্লবী। আর সেই রোমান্টিক ড্রামায় শোনা যাবে অরিজিৎ এর কন্ঠে গান। এছাড়াও শোনা গিয়েছিল, সালমান খানের সম্ভাব্য ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’ অথবা শাহরুখ খানের ‘কিং’ এ তাঁর শেষ প্লেব্যাক হতে পারে। যদিও এ বিষয়ে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।