সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দেশের লক্ষ লক্ষ পড়ুয়ারা যাতে অর্থাভাবের জন্য শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে না পড়ে, তার জন্য কেন্দ্রীয় সরকার এবার পাশে এসে দাঁড়ালো। হ্যাঁ, ছাত্রছাত্রীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য চালু হয়েছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (National Scholarship Portal), যেখানে আবেদন করলে আপনি ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক পাস করে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন, কিন্তু অর্থাভাব বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য এই স্কলারশিপটি। তবে কারা আবেদন করতে পারবেন আর কী কী যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করবেন ইত্যাদি তথ্য জানতে হলে অবশ্যই এই প্রতিবেদনটি পড়ুন।

কী এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল?

প্রথমেই বলে দিই, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল হল কেন্দ্রীয় সরকারের দ্বারা চালু করা একটি স্কলারশিপ প্রোগ্রাম, যেখানে বিভিন্ন রাজ্য সরকার, ইউজিসি এবং এআইসিটিই-র আওতায় থাকা বিভিন্ন স্কলারশিপ স্কিমের জন্য আবেদন করা যায়। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করেছে বা উচ্চ মাধ্যমিক পাস করে করেছে কিংবা কলেজে পড়াশোনা করছে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।

কাদের জন্য এই স্কলারশিপ?

ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের আওতায় ক্লাস ওয়ান থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা প্রিম্যাট্রিক স্কলারশিপ পেয়ে থাকে, ক্লাস ১১-১২ এবং স্নাতক স্তরের পড়ুয়ার পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পেয়ে থাকে, আর যারা পেশাদার কোর্স করছে যেমন স্নাতকোত্তর বা পিএইচডি, তারা স্টাইপেন্ড পায়। বিশেষ করে এনএসপি স্কলারশিপ আর্থিকভাবে দুর্বল আর মেধাবী শিক্ষার্থীদের জন্যই। তবে এই স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
  • আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • পড়ুয়াকে অবশ্যই ভারত সরকার দ্বারা স্বীকৃত যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
  • পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
  • এখানে জেনারেল কাস্টের প্রার্থীরা আবেদন করতে পারবে না। শুধুমাত্র এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু বা প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবে।

কত টাকা স্টাইপেন্ড মেলে?

এই স্কলারশিপের আওতায় প্রিম্যাট্রিক বিভাগে ১০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড মেলে প্রতিবছরে। পোস্ট ম্যাট্রিক বিভাগের আওতায় বছরে ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মেলে, আর যারা প্রফেশনাল কোর্স করছে তারা বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড পায়। এমনকি এই টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার হয়, যেটি টিউশন ফি থেকে শুরু করে পড়াশোনার খরচ মেটাতে সাহায্য করে।

কীভাবে আবেদন করবেন?

ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
  • প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে (scholarships.gov.in) ভিজিট করুন।
  • তারপর সংশ্লিষ্ট স্কলারশিপের বিকল্পটি খুঁজে সেটাতে ক্লিক করুন।
  • তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট এবং শিক্ষাগত যোগ্যতার সব নথি আপলোড করুন।
  • এরপর আবেদন সাবমিট করে প্রিন্ট আউট সংরক্ষণ করে রাখুন।
আরও পড়ুন: 200MP ক্যামেরা, পারফরমেন্সে জবরদস্ত! Galaxy S26 সিরিজ লঞ্চ করল Samsung

কী কী ডকুমেন্ট দরকার হয়?

ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো চাওয়া হয় সেগুলি হল—
  • পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা মাধ্যমিকের মার্কশিট,
  • পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট,
  • জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে,
  • সর্বশেষ যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার সার্টিফিকেট এবং মার্কশিট,
  • পরবর্তী ক্লাসে ভর্তির প্রমাণপত্র,
  • ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি,
  • স্থায়ী বসবাসের প্রমাণপত্র এবং
  • নিজের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর।