বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাহাড়-জঙ্গলে ভরা মনোরম পরিবেশে ঘুরতে (Alipurduar To Jayanti Bus) যেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে ইচ্ছে থাকলেই যে পকেট সায় দেবে এমনটা কোথাও লেখা আছে কি? আসলে, পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রবল ইচ্ছা থাকলেও খরচের কথা চিন্তা করে পিছিয়ে যান অনেকেই। তাঁদের জন্যেই আজও দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে একটি বাস। হ্যাঁ, বিশেষ বাস পরিষেবার (North Bengal State Transport Corporation) হাত ধরেই নামমাত্র খরচে পৌঁছে যেতে পারেন জয়ন্তীর পাহাড় জঙ্গলে ঘেরা মনোরম প্রকৃতির কোলে। গোটা যাত্রাপথে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতেই গন্তব্যে পৌঁছে যাবেন আপনি।

মাত্র 60 টাকায় পৌঁছে যান পাহাড়ে!

আলিপুরদুয়ারের জয়ন্তীতে ঘুরতে যেতে চাইলে এনবিএসটিসির একটি বাস আপনার জন্য সবচেয়ে সেরা বিকল্প হতে পারে। এই বাসে করেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন পাহাড় জঙ্গলে মোড়া এক মনোরম পরিবেশে। জানিয়ে রাখা ভাল, এই বাস বর্তমানে প্রতিদিন সকাল সাতটা এবং দুপুর দুটোয় আলিপুরদুয়ার ডিপো থেকে ছাড়ে জয়ন্তীর উদ্দেশ্যে। একইভাবে, প্রতিদিন সকাল 9টা এবং বিকেল 4টেতে জয়ন্তী থেকে ছাড়ে এই বাস। এই বাসে চেপেই মাত্র দু ঘন্টায় মনোরম প্রকৃতির আমেজ গায়ে মাখতে মাখতে পৌঁছে যাবেন গন্তব্যে। আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত যাত্রাপথে এই বাস স্টপেজ দেয় দমনপুর, রাজাভাতখাওয়া ও জয়ন্তী মোড়ে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মাত্র 60 টাকা খরচ করেই জয়ন্তী থেকে আলিপুরদুয়ার এবং আবারও আলিপুরদুয়ার থেকে জয়ন্তীতে ফিরে আসা যায় এই এক বাসেই। জানা যায়, আলিপুরদুয়ার সদরে কোনও কাজ পড়লে এই বাসে চেপে অল্প খরচে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। এই বাসে চেপেই স্কুল-কলেজে পৌঁছন আলিপুরদুয়ারের পড়ুয়ারাও।
অবশ্যই পড়ুন:দক্ষিণবঙ্গে মুড বদল আবহাওয়ার, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা! ভিজবে কোন কোন জেলা?
প্রসঙ্গত, জয়ন্তী এবং আলিপুরদুয়ারের পথ চলতি মানুষ বিশেষ করে ব্যবসায়ীদের দাবি, এই বাস আছে বলেই এলাকার স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে শ্রমিক শ্রেণীর মানুষরা নামমাত্র খরচে প্রতিদিন নিজেদের নিজেদের গন্তব্যে পৌঁছতে পারছেন। তাছাড়াও দেশের নানান প্রান্ত থেকে জয়ন্তী ঘুরতে যাওয়া পর্যটকরাও স্বল্প খরচে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারছেন এই বাসের দৌলতেই।