সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বাংলার রাজনীতিতে এখন সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram) আর ভবানীপুর। গতকাল বিজেপির তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেখানে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসনেই প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিকে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেখানে শুভেন্দু অধিকারীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর সেই সূত্রেই কানাঘুষো শোনা যাচ্ছে, তাহলে এবার কি নন্দীগ্রামে শুভেন্দুর প্রতিপক্ষ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)? শাসকদল কি যুবনেতার উপরেই ভরসা করবে?
নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন অভিষেক ব্যানার্জি!
প্রসঙ্গত জানিয়ে রাখি, কলকাতা থেকে ১৩০ কিলোমিটার দূরের এই বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। কিন্তু এটি এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। কারণ, সেখানকার বিধায়ক স্বয়ং শুভেন্দু অধিকারী প্রার্থী ঘোষণার আগে সাফ জানিয়ে দিয়েছিলেন যে, তিনি নন্দীগ্রাম ছাড়বেন না। আর সেখান থেকেই প্রার্থী হবেন। সেই সূত্রে সোমবার তালিকা প্রকাশের পর দেখা যায় যে, বিজেপি নন্দীগ্রামে তাঁকেই প্রার্থী বানিয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন। ২০২১ সালেও শুভেন্দুর প্রতিপক্ষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে শুভেন্দুর কাছে হারেন তিনি। সেই সূত্রে এবার তৃণমূল যে নন্দীগ্রামে প্রার্থী বাছার ক্ষেত্রে কোমর বেঁধে সিদ্ধান্ত নেবে তা আঁচ করা যাচ্ছে।
আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি! আজকের আবহাওয়া
এমতাবস্থায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নিয়ে চলছে জল্পনা। শোনা যাচ্ছে, এবার নাকি নন্দীগ্রামে তৃণমূল তাঁকেই ভরসা করছেন। আজ অর্থাৎ মঙ্গলবার ২৯৪টি আসনেই প্রার্থী ঘোষণা করবে তৃণমূল। সেখানেই থাকতে পারে চমক। রাজনৈতিক মহলের একাংশের মতে, হয়তো এবার যুবনেতার হাত ধরেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজ্যের শাসক দল। কিন্তু হ্যাঁ, এখনো পর্যন্ত এ বিষয়ে কোনও রকম চূড়ান্ত খবর সামনে আসেনি, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিছু জানানো হয়নি। সবটাই আজ বিকেল চারটের পর সামনে আসবে।