সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র কোনও পরিচয়পত্র নয়, বরং প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ একটি নথি। ব্যাঙ্কিং থেকে শুরু করে মোবাইলের সিম তোলা বা সরকারি প্রকল্পে আবেদন, কিংবা যে কোনও অনলাইন ভেরিফিকেশন, সব ক্ষেত্রেই এই আধার কার্ড গুরুত্বপূর্ণ। তবে এই পরিস্থিতিতে ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড নিয়ে এবার বিরাট সতর্কবার্তা দিল ইউআইডিএআই। নির্দিষ্ট সময়ের মধ্যে আপডেট না করলেই ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে।

১০ বছরের মধ্যে আপডেট করা জরুরী আধার কার্ড

প্রসঙ্গত, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের তথ্য বদলানো স্বাভাবিক। সে ঠিকানা পরিবর্তন থেকে শুরু করে মোবাইল নম্বর বদল বা বয়সের সঙ্গে চেহারার পরিবর্তন। কিন্তু অনেক ক্ষেত্রে আধার বানানোর পর অনেকে আপডেট করে না। ফলে সরাসরি ডেটাবেসে পুরনো তথ্যই থেকে যায়। যার ফলে কেওয়াইসি ভেরিফিকেশনে সমস্যা হয়, ব্যাঙ্কিং পরিষেবাতে সমস্যা হতে পারে, এমনকি সরকারের সুবিধা পেতেও দেরি হয়। বিশেষজ্ঞদের মতে, আধার এখন দেশের প্রধান ডিজিটাল আইডেন্টিটি। তাই এই তথ্য আপডেট রাখাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আর যদি আধার কার্ডের তথ্য পুরনো কিংবা ভুল থাকে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় বাধা পেতে পারেন। কিংবা লোন নেওয়ার সময়ও সমস্যা হতে পারে। সবথেকে বড় ব্যাপার, সরকারি ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে। আর নতুন মোবাইলে সিম নিতে গেলেও হতে পারে সমস্যা। এমনকি বায়োমেট্রিক যাচাই বারবার ব্যর্থ হওয়ায় সমস্যা হতে পারে।

রয়েছে বিনামূল্যে আপডেটের সুযোগ

এদিকে সরকার সময়ে সময়ে আধার আপডেট করার জন্য ফ্রি সুবিধা দিয়ে থাকে। অনলাইন ডকুমেন্ট আপডেট করলে অনেক ক্ষেত্রে কোনও রকম খরচ লাগে না। আর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সুবিধা নেন, তাহলে বিনামূল্যেই তা নেওয়া যায়। তবে এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই তথ্য আপডেট করা যায়। এর জন্য আপনাকে শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—
  • প্রথমে নিজের ওয়েব ব্রাউজার থেকে myAadhaar পোর্টালে যান।
  • তারপর আধার নম্বর দিয়ে লগইন করুন।
  • এরপর ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করুন।
  • এবার ডকুমেন্ট আপডেট অপশন নির্বাচন করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে দিন।
  • তারপর যাচাই করে সাবমিট করে দিন।
আরও পড়ুন: LPG নাকি ইন্ডাকশন, কোনটা ব্যবহার করলে খরচ কমবে? দেখুন হিসাব
তবে যারা অনলাইনে স্বচ্ছন্দ্য বোধ করেন না, তারা নিকটবর্তী কোনও আধার সেবা কেন্দ্রে গিয়ে ফর্ম পূরণ ডকুমেন্ট ভেরিফিকেশন বা বায়োমেট্রিক আপডেট করে নিতে পারবেন। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য এই পদ্ধতি অনেক সহজ। আধার আপডেটের সময় আপনি নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ছবি এমনকি বায়োমেট্রিক তথ্য আপডেট করে নিতে পারবেন। বায়োমেট্রিক আপডেট করা সবথেকে জরুরী।