বিক্রম ব্যানার্জী, কলকাতা: আধার কার্ড নাগরিকত্ব বা জন্মের প্রমাণপত্র না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য যেকোনও সরকারি পরিষেবা এমনকি নতুন মোবাইল সংযোগের ক্ষেত্রেও প্রয়োজন হয় আধার কার্ড (Aadhaar Card Update)। এবার এই আধার কার্ড আপডেট করার নিয়মে এসেছে বেশ কিছু বদল। জানা যাচ্ছে, নির্দিষ্ট সময়ের পর আধার কার্ড আপডেট করাতে গেলে গুনতে হবে অতিরিক্ত অর্থও। আধার কার্ড আপডেট নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের প্রতিবেদনে।

আধার কার্ডে ডকুমেন্ট আপডেট

অনেক সময় আধার কার্ডে ব্যক্তির ভুল জন্ম তারিখ বা নাম কিংবা ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন পড়ে। আধার কার্ডে পরিচয় ও ঠিকানা সংক্রান্ত নথি আপডেটের বিষয়টিকে বলা হয় ডকুমেন্ট আপডেট। গুরুত্বপূর্ণ নথিটিতে এই ধরনের আপডেট করার জন্য বর্তমানে অনলাইনে মাই আধার পোর্টাল বা অ্যাপের মাধ্যমেই প্রয়োজনীয় কাজ করা সম্ভব। তবে সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী 10 জুন পর্যন্ত আধার কার্ডে ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করাতে পারবেন সাধারণ মানুষ। এই সময়ের পর আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে হলে গুনতে হবে অতিরিক্ত খরচ। আধার পরিষেবা কেন্দ্র থেকে এই কাজ করালে খরচ হবে 75 টাকা।

আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট

UIDAI এর নিয়ম অনুযায়ী আধার কার্ডে আঙুলের ছাপ বা ছবি পরিবর্তন করতে হলে 5 থেকে 7 বছরের শিশুদের কোনও রকম ফি দিতে হয় না। অন্যদিকে 15 থেকে 17 বছর বয়সী কিশোর কিশোরীদেরও প্রথম এবং দ্বিতীয়বার বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে করার সুযোগ রয়েছে। যদিও রিপোর্ট অনুযায়ী, 7 থেকে 15 বছর বয়সীদের জন্য বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করার শেষ তারিখ আগামী 30 সেপ্টেম্বর। তবে এই বয়সের বাইরের ব্যক্তিদের এই কাজ করাতে হলে 125 টাকা খরচ করতে হবে।
অবশ্যই পড়ুন: এপ্রিলেই বন্ধ হবে আপনার লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট! এই ভুল করলেই শেষ
প্রসঙ্গত, আধার পরিষেবা কেন্দ্রের আধিকারিকদের দাবি, আধার কার্ডে বায়োমেট্রিক আপডেটের সাথে যদি ডেমোগ্রাফিক আপডেট অর্থাৎ আধার কার্ডে থাকা নাম, লিঙ্গ, ঠিকানা, বয়সের মতো বিষয়গুলি সংশোধন করা হয় সেক্ষেত্রে আলাদা করে খরচ করতে হয় না গ্রাহকদের। তবে শুধুমাত্র ডেমোগ্রাফিক আপডেট করালে 75 টাকা খরচ পড়বে।