বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। তাতে উচ্ছ্বসিত ভারতীয় সমর্থকরা। তবে এই আনন্দের মাঝেও সম্প্রতি এমন এক খবর প্রকাশ্যে এসেছে যা সত্যিই হতাশ করে দেওয়ার মতো। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh) বাবা খানচন্দ্র সিংয়ের। এবার তা নিয়েই ভারতীয় দলের কোচ সিতাংশু কোটাককে অমানবিক প্রশ্ন করেন এক সাংবাদিক। যা নিয়ে বর্তমানে তোলপাড় হয়ে যাচ্ছে নেট দুনিয়া।

রিঙ্কুর বাবার মৃত্যু নিয়ে বেয়াক্কেলে প্রশ্ন সাংবাদিকের!

রবিবার, ইডেনের মাঠে গড়িয়েছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সুপার এইটের ম্যাচ। টিম ইন্ডিয়ার সেই জয়ের ম্যাচের আগে ভারতীয় দলের কোচ সিতাংশুকে এক সাংবাদিক প্রশ্ন করেন, "রিঙ্কু সিংয়ের বাবার মৃত্যু কি আশীর্বাদের মতো?" এমন অমানবিক প্রশ্ন শুনে প্রথমে বিস্মিত হয়েছিলেন ভারতীয় দলের কোচ। সেই সাথে পরবর্তীতে এমন প্রশ্নের তীব্র সমালোচনা করেন তিনি। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে যেই সাংবাদিক ভারতীয় দলের কোচকে এমন জঘন্য প্রশ্ন করেছিলেন তিনি মূলত ফুটবল কভার করেন। ক্রিকেট তাঁর কর্মক্ষেত্রের মধ্যে পড়ে না। শুধু তাই নয়, প্রায়শই বিভিন্ন দলের কোচ ও প্লেয়ারদের এমন ধরনের প্রশ্ন করে রসিকতা করতে পছন্দ করেন ওই সাংবাদিক। অনেকেই মনে করছেন, রিঙ্কু সিংয়ের বাবার মৃত্যুর মতো এমন সংবেদনশীল বিষয় নিয়ে রসিকতা একেবারেই মেনে নেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ওই সাংবাদিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে BCCI।

অবশ্যই পড়ুন:গোটা মার্চ মাস জুড়ে একগাদা ছুটি, কবে কবে বন্ধ থাকবে স্কুল? দেখুন

উল্লেখ্য, জিম্বাবুয়ের ম্যাচের আগে ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থার অবনতি হলে হঠাৎ ভারতীয় দল ছেড়ে বাড়িতে ফিরে গিয়েছিলেন রিঙ্কু। যদিও পরবর্তীতে ম্যাচের আগেই চেন্নাইয়ে ভারতীয় শিবিরে যোগ দেন তিনি। তবে জিম্বাবুয়ের ম্যাচে ভারতের একাদশে জায়গা হয়নি তাঁর। এই ম্যাচের পরই খবর আসে মৃত্যু হয়েছে ভারতীয় ক্রিকেটারের বাবার। পিতৃ বিয়োগের যন্ত্রণা বুকে চেপে রেখেই উত্তরপ্রদেশের আলিগড়ে বাবার শেষকৃত্য সম্পন্ন করে ফের নিজের দায়িত্বে যোগ দেন রিঙ্কু। কিন্তু তাও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একাদশে সুযোগ হয়নি এই খেলোয়াড়ের।