সৌভিক মুখোপাধ্যায়, কলকাতা: বসন্তের বৃষ্টির পর দক্ষিণবঙ্গে আবারও ফিরেছে হালকা ঠান্ডার আমেজ। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় অনেকটাই পারদ পতন হয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে, এই স্বস্তি বেশিদিন থাকবে না। আপাতত চারদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও ধীরে ধীরে পারদের উত্থান হবে। এমনকি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশক্তি হারাচ্ছে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস (Weather Update)। ফলে বড়সড় দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই চড়েছিল আর রোদের তেজও ছিল স্পষ্ট। তবে বসন্তের বৃষ্টির পর মঙ্গলবার জেলায় জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নেমে এসেছে। পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে, আর কলকাতায় সকালবেলা হালকা ঠান্ডা অনুভূতি ছিল। আগামী চার দিন তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন নেই। কিন্তু পরবর্তী তিনদিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়তে পারে। এদিকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে হাওড়া, কলকাতা, হুগলী, উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে মঙ্গলবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়। আর তা ধীরে ধীরে পূর্ব দিকে সরে গিয়ে আগামী ২৪ ঘন্টায় দুর্বল হয়ে পড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ব্যাঙ্কের KYC করতে যাচ্ছেন? ভুল করার আগে জেনে নিন RBI-র সতর্কবার্তা
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদা জেলায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী কয়েক দিন সকালবেলা উত্তরবঙ্গের আটটি জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে নেমে আসতে পারে। যদিও সেরকম কোনও বড় সতর্কতা জারি করা হয়নি।