সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। তবে তার আগেই বিরাট চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনে জিতে ফের বাংলার সিংহাসনে বসলে কী কী করবে তৃণমূল কংগ্রেস সে নিয়ে ইস্তেহার জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে আজ বিকালে এমনও দশটি প্রতিজ্ঞা তুলে ধরলেন তিনি। কিন্তু কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা জানুন বিশদে।

কী থাকছে তৃণমূল কংগ্রেসের দশটি প্রতিশ্রুতি?

১) বাংলার মা-বোনদের জন্য লক্ষীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্প সারা জীবন চালিয়ে যাওয়া হবে। সম্প্রতি এতে ৫০০ টাকা ভাতা বাড়ানো হয়েছিল। যার ফলে সাধারণ শ্রেণীর মহিলারা ১৫০০ টাকা আর অন্যান্য মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন। এই প্রকল্প চালিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হল। ২) বাংলার বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়িয়ে বাংলার যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে চলতি বাজেটে। যার মাধ্যমে মাধ্যমিক পাস করলেই বেকারদের ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছে প্রতি মাসে। জানা যাচ্ছে, এই সহায়তা অব্যাহত থাকবে সারা জীবন। ৩) তৃণমূল সরকারের তরফে কৃষকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। সার্বিক কল্যাণ আর ভূমিহীন কৃষকদের কথা মাথায় রেখে এবার ৩০ হাজার কোটি টাকার বিশেষ কৃষি বাজেট প্রকল্পের কথা উল্লেখ করা হল। ৪) বাংলার প্রতিটি পরিবারের মাথায় পাকা ছাদ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবার তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, আবাস যোজনা প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে। আর যাদের কাঁচা বাড়ি রয়েছে, তাদেরকেও নতুন পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। ৫) স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বিরাট উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজ্যের ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছবে। প্রতিটি ব্লক ও টাউনে প্রতিবছর সরকার দুয়ারে চিকিৎসা শিবির আয়োজন করবে। যেখানে হাতের নাগালেই উন্নতমানের পরিষেবা মিলবে। ৬) ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পাওয়া যাবে। মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগের সরকারের আমলে ২ লক্ষ মানুষের বাড়িতে পানীয় জল পরিষেবা যেত। আর বর্তমানে সরকারের আমলে সেই সংখ্যা প্রায় কয়েক কোটি। নির্বাচনের পর তা আরও বাড়ানো হবে। ৭) প্রবীণ নাগরিকদের জন্যও দেওয়া হয়েছে আশ্বাস। বর্তমানে সমস্ত উপভোক্তার জন্য নিরবিচ্ছিন্ন বার্ধক্য ভাতা সহায়তা নিশ্চিত করা হবে। তার পাশাপাশি এই পরিধি আরও সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে। ৮) সাধারণ মানুষের কাছে প্রশাসনকে আরও সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আরও নতুন সাতটি জেলা তৈরি করা হবে। আর সামগ্রিক পুনর্গঠনের মাধ্যমে পরিষেবা আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: পেট্রোলের পর লিটার প্রতি ২০ টাকা বাড়ল ডিজেলের দাম! আজ থেকেই নয়া রেট
৯) ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করার জন্য বাংলার শিক্ষায়তন প্রকল্পের জন্য এবার রাজ্যের সমস্ত স্কুলগুলির সামগ্রিক পরিকাঠামাগত উন্নয়ন করবে তৃণমূল সরকার। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কয়েক হাজার সরকারি স্কুল নতুন মডেলে গড়ে তোলা হবে বলে জানান তিনি। ১০) পূর্ব ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে এবার বাংলাকে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিশ্বমানের লজিস্ট্রিক্স, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো আর অত্যাধুনিক গ্লোবাল ট্রেড সেন্টারের মাধ্যমে বাংলায় বিনিয়োগ আরও বাড়বে।